অবশেষে প্রচারণায় নামছেন জি এম কাদের

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০২:৫৫ এএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ শনিবার থেকে তিনি রংপুর-৩ আসনে প্রচারণা চালাবেন। 

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার সিলেট থেকে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু করেন। কিন্ত সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নির্বাচনী প্রচারণা শুরু না করায় নানা সমালোচনা ও গুঞ্জন শুরু হয়।

এর মধ্যেই শুক্রবার দুপুরে ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন জি এম কাদের। বিষয়টি নিশ্চিত করেন জাপা চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব (এপিএস) আবু তৈয়ব।

জানা গেছে, জি এম কাদের প্রথমে আকাশপথে রংপুর যেতে চেয়েছিলেন। গত বৃহস্পতিবার তার রংপুর যাত্রাকে সরকারি সফর উল্লেখ করে বিরোধী দলীয় উপনেতার কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়।

একাদশ সংসদের বিরোধীদলীয় উপনেতা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেন জি এম কাদের। তার সফরের খরচ বহন করে সরকার। কিন্তু আচরণবিধি লঙ্ঘন করে আকাশপথে সরকারি পদমর্যাদা ব্যবহার করে রংপুর যাওয়ার সিদ্ধান্তে সমালোচনা শুরু হলে তিনি সড়কপথেই রংপুর রওনা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত