দেশকে ভয়ংকর পরিণতির হাত থেকে বাঁচাতে অবিলম্বে সংসদ ভেঙে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বাম নেতারা এ দাবি জানান।
তারা বলেন, সরকার একতরফাভাবে আগামী ৭ জানুয়ারি যে ‘পাতানো আমি আর ডামি’ নির্বাচনের আয়োজন করেছে, তা দেশকে এক ভয়ংকর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সংকটের দিকে নিয়ে যাবে।
নির্বাচন কমিশন কর্র্তৃক আগামী ৭ জানুয়ারি পর্যন্ত নির্বাচনে অংশ না নেওয়া দলগুলোর সভা-সমাবেশের ওপর সংবিধানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, দেশে জরুরি অবস্থা ছাড়া এ ধরনের নিষেধাজ্ঞা সংবিধানবিরোধী। এই নিষেধাজ্ঞা দেওয়ার অধিকার নির্বাচন কমিশনের বা কোনো সংস্থারই নেই। দেশবাসী এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে বামজোট নেতারা বলেন, অবিলম্বে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ।
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।
