আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘যারা এই নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন তারা সাবধান হয়েছে যান। যারা হরতাল, অবরোধ, অসহযোগ ডেকেছেন আপনারা সাবধান হয়ে যান। এ দেশে আইন এবং আইনের শাসন আছে। আপনারা যা করছেন এটা রাষ্ট্রদ্রোহী। আমরা চাই শান্তি। আমরা চাই অগ্রগতি। এজন্যই আমাদের প্রয়োজন জননেত্রী শেখ হাসিনার।’ গতকাল শুক্রবার বিকেলে আখাউড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র তা ঘরের ভেতর ষড়যন্ত্র। আমার বুকের ভেতর ষড়যন্ত্র। বিএনপি-জামায়াত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওনাদের এক নেতা না হেতা আছে, লন্ডনে বসে হুকুম দেয় আপনাদের ধ্বংস করে দেওয়ার জন্য। এসব হুকুমে আপনারা ভয় পাইয়েন না। আর আমাদের সারা বিশ্বের কাছে প্রমাণ করতে হবে জনগণ নির্বাচন চায়। আমি আপনাদের কাছে দাবি করে গেলাম আগামী ৭ জানুয়ারি প্রত্যেকে ভোটকেন্দ্রে গিয়ে আমাকে নৌকা মার্কায় ভোট দেবেন।’
মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে ১৯৯৬ সালের ২৩ জুন পর্যন্ত এ দেশে হত্যাযজ্ঞ আর দুঃশাসনের একটা লীলাখেলা চলেছে। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। মানুষকে অকাতরে বিনা বিচারে ফাঁসি দেওয়া হয়েছে। তার লাশটা তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি। কেউ যদি কথা বলত তাকে জেলে ভরে দিত। বঙ্গবন্ধুর নাম এ দেশ থেকে মুছে ফেলার চেষ্ট করা হয়েছিল। রাজাকার আলবদরদের মন্ত্রী বানানো হয়েছিল।
