গত ছয় বছরে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেলেও ভক্তদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছেন দক্ষিণী তারকা প্রভাস। ‘বাহুবলী ২: দ্য কনক্লুশান’ এর পর আর কোনো হিট সিনেমা নেই তার। এরমধ্যে মুক্তি পাওয়া ‘সাহো’, ‘রাধে শ্যাম’ ও ‘আদি পুরুষ’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এবং ফ্লপ তকমা কুড়ায়।
তবে তেইশের শেষে এসে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে ‘সালার’ হয়ে। রীতিমতো বক্স অফিস দুমরে মুচরে দিয়ে বছরটা শেষ করতে যাচ্ছেন এই দক্ষিণী তারকা। ‘সালার : পার্ট ১- সিজফায়ার’ মুক্তির প্রথম দিন আয় করেছে ১৭৫ কোটি রুপির মতো। এখন পর্যন্ত কোনো ভারতীয় সিনেমার সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড এটি।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, মুক্তির প্রথমদিন ভারতে ৯৫ কোটি আয় করেছে ‘সালার’।
অন্যদিকে বিশ্বব্যাপী আয় করেছে ৮০ কোটির মতো। সব মিলিয়ে প্রথমদিনেই ১৭৫ কোটির মতো আয় তুলে নিয়েছে প্রভাসে বহুল প্রতীক্ষিত এ সিনেমা।
সিনেমাটির প্রযোজনা সংস্থা হোম্বলে ফিল্মস জানিয়েছে, সালার বিশ্বব্যাপী ১৭৫ কোটি রুপি (প্রাথমিক অনুমান) আয় করেছে।
এদিকে মুক্তির প্রথমদিন ভারতে শাহরুখ খানের ‘ডানকি’র আয় ছিল ৩০ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় করেছে ৫৮ কোটি। তার বিপরীতে ‘সালার’ প্রথম দিনে ভারতেই আয় তুলে নিয়েছে ৯৫ কোটি, যা এই বছর শাহরুখ খানের রেকর্ড গড়া জওয়ানের আয়কেও ছাড়িয়ে গেছে। জওয়ান মুক্তির প্রথমদিন ৭৫ কোটি আয় করেছিল। রণবীরের ‘অ্যানিমেল’ প্রথমদিন আয় করেছে ৬৩ কোটি ও ‘পাঠান’ তার উদ্বোধনী দিনে আয় করেছিল ৫৭ কোটি রুপি।
বছরজুড়ে শাহরুখ-রণবীর কাপুররা বক্স অফিসের লাগাম ধরে রাখলেও বছর শেষে সেই লাগাম নিজের হাতে নিয়ে নিলেন প্রভাস।
প্রশান্ত নীল পরিচালিত ‘সালার : পার্ট ১- সিজফায়ার’ এ প্রভাস ছাড়া আরও রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবু প্রমুখ। অপরদিকে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।
