স্বতন্ত্রের চ্যালেঞ্জে আ.লীগ প্রার্থীরা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০১:৩৩ এএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনের সবকটিতেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে অন্তত তিনটি আসনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারে নৌকা প্রতীকের প্রার্থীরা। গাজীপুর-১, ২ ও ৫ আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী নিয়ে আলোচনা চলছে সর্বত্র। তিনটি আসনেই স্বতন্ত্র প্রার্থীদের ট্রাক প্রতীকের চ্যালেঞ্জে পড়েছে নৌকা।

স্থানীয় ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে জানা যায়, গাজীপুর-১ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও গাজীপুুর সিটি করপোরেশনের ১৮টি ওয়ার্ড নিয়ে এ আসন। এ আসনে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রাসেল। সিটি করপোরেশনের ১৮টি ওয়ার্ড এ আসনের সঙ্গে যুক্ত থাকায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সমর্থন দিয়েছেন রেজাউল করিম রাসেলকে। সিটি নির্বাচনের জাহাঙ্গীর ম্যাজিককে কাজে লাগিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার আশা করছেন রেজাউল। অন্যদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী তার দীর্ঘ ৫০ বছরের অভিজ্ঞতা এবং কালিয়াকৈরে তার উন্নয়ন কর্মকা- ভোটারদের কাছে তুলে ধরছেন। তবে কোনাবাড়ি, কাশিমপুুর ও বাসন এলাকায় তিনি তেমন কোনো উন্নয়ন করেননি বলে সমালোচনা রয়েছে। তাই এ আসনে নৌকার সঙ্গে ট্রাকের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।

গাজীপুর-২ আসনে নৌকার প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন নিজ দলের দুই স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন ও ঈগল প্রতীকের মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সঙ্গে। সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ড নিয়ে গাজীপুর-২ আসন। এখানেও জাহাঙ্গীর ম্যাজিক কাজে লাগাতে চাচ্ছেন কাজী আলিম উদ্দিন বুদ্দিন। তার পক্ষে জাহাঙ্গীর আলম ও তার সমর্থিত বিপুলসংখ্যক নেতাকর্মী মাঠে নেমেছেন। ইতিমধ্যে ট্রাক প্রতীকের প্রার্থীর প্রচার অভিযানে একাধিকবার বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। টঙ্গীর মাছিমপুরে ট্রাক প্রতীকের নির্বাচনী অফিসে হামলা ও টঙ্গী সরকারি কলেজ মাঠে প্রবেশের সময় গেটে তালা লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

গাজীপুর-৫ আসনে নৌকার প্রার্থী সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছেন নিজ দলের স্বতন্ত্র প্রার্থী ডাকসুর সাবেক ভিপি-জিএস ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক এমপি আখতারউজ্জামানের। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আখতারউজ্জামান। এ আসনের সঙ্গেও গাজীপুর সিটির তিনটি ওয়ার্ড যুক্ত রয়েছে। আখতারউজ্জামানও সমর্থন পাচ্ছেন জাহাঙ্গীর আলমের। মেহের আফরোজ এলাকায় তার উন্নয়ন কর্মকা- তুলে ধরছেন। অন্যদিকে আখতারউজ্জামান দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা, জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে এলাকার উন্নয়ন এবং তার ক্লিন ইমেজকে কাজে লাগানোর চেষ্টা করছেন।

এ তিন আসনের বাইরে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে রয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। এ আসনে নৌকা প্রতীক পেয়েছেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর মেয়ে রুমানা আলী টুসি। এখানেও প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। গাজীপুর-৪ আসনে নৌকার প্রার্থী তাজউদ্দীন কন্যা বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নিজ দলের এবং নিজ পরিবারের সদস্য তাজউদ্দীন আহমেদের ভাগিনা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলম হোসেন।

স্থানীয়রা বলছেন, গাজীপুর-১,২ ও ৫ আসন সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত থাকায় এখানে ভোটের হিসাব পাল্টে দিতে পারে জাহাঙ্গীর ম্যাজিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত