জয়পুরহাটের পাঁচবিবিতে হাফেজিয়া মাদ্রাসায় ঘুমানোর জায়গাকে কেন্দ্র করে সাজু আহম্মেদ (১৩) নামের এক ছাত্রের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে একই মাদ্রাসার ছাত্র মোছাদ্দেক (১৬)। এ সময় সাজুর চিৎকারে আশপাশের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর মোসাদ্দেক পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা মাদ্রাসা ঘেরাও করে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রকে উদ্ধার করে পাঁচবিবি থানা পুলিশ।
২৩ ডিসেম্বর শনিবার রাত ৮টার দিকে পাঁচবিবি উপজেলার কড়িয়া দারুল উলুম কাওমি নুরানি এতিমখানা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত সাজু আহম্মেদ উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রামের রেজাউল ইসলামের ছেলে ও মোসাদ্দেক একই গ্রামের জয়নালের ছেলে।
এ ঘটনায় সাজুর মা আনজু আরা বেগম পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, আহত সাজুর মা মামলা করলে মোসাদ্দেককে গ্রেপ্তার করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
