পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের বাতিল হওয়া প্রতীক ‘ব্যাট’ বরাদ্দের জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে ‘হাম আওয়াম পাকিস্তান পার্টি (হাপ)’ নামের একটি দল। গত শনিবার নির্বাচন কমিশন পিটিআইয়ের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়ায় অসন্তোষের কথা জানিয়ে দলটির প্রতীক বাতিল করে দেয়।
হাপ চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ চৌধুরী গতকাল রবিবার জানান, পাকিস্তান নির্বাচন কমিশনের কাছে তারা ব্যাট প্রতীক বরাদ্দের আবেদন জানিয়েছেন।
সাবেক ক্রিকেটার ইমরান খানের হাত ধরে পিটিআই এবং দলটির প্রতীক ব্যাট ব্যাপক পরিচিতি অর্জন করে দেশ জুড়ে। ইমরান কারাবন্দি থাকায় দলের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়ার জন্য চাপ দেয় নির্বাচন কমিশন। অনেকটা বাধ্য হয়ে ইমরানের অনুপস্থিতিতে তারই মনোনয়নে ব্যারিস্টার গহর আলী খানকে দলের চেয়ারম্যান নির্বাচন করে পিটিআই। কিন্তু সেই নির্বাচন প্রক্রিয়াকে বিধিসম্মত না হওয়ায় ত্রুটিপূর্ণ আখ্যা দেওয়া হয় এবং প্রতীকটি বাতিল করা হয়।
