মাশরাফীর দেখানো পথেই হাঁটছেন তামিম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৭ এএম

মাশরাফী বিন মোর্ত্তজা আন্তর্জাতিক কিংবা ঘরোয়া, কোনো পর্যায়ের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দেননি। ছেড়েছেন জাতীয় দলের অধিনায়কত্ব, কেন্দ্রীয় চুক্তি থেকেও সরিয়ে নিয়েছেন নাম। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সবাই জানেন যে বাংলাদেশের জার্সিতে আর জাতীয় দলে খেলতে দেখা যাবে না মাশরাফীকে। একই পথে হাঁটতে চলেছেন তামিম ইকবালও। খেলা ছাড়ার ঘোষণা দিয়ে সেটা বদলে ফেললেও বিশ্বকাপের দলে তাকে রাখা নিয়ে উদ্ভূত পরিস্থিতির পর জাতীয় দলে তার ভবিষ্যৎও অনিশ্চিত। কাল সাংবাদিকদের সঙ্গে আলাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট অপারেশন কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, তামিম ইকবাল অনুরোধ করেছেন তাকে আগামী বছরের কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে।

৬ জুলাই ২০২৩, এই তারিখেই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘোষণা করেছিলেন তামিম ইকবাল। চট্টগ্রামে, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হার এবং সম্পূর্ণ ফিট না হয়ে খেলা নিয়ে কোচ হাথুরুসিংহে এবং বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়সহ নানান ঘটনার জের ধরেই তামিমের এই সিদ্ধান্ত। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে তামিম নিজের সিদ্ধান্ত বদল করেন, উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডেও যান। ব্যথানাশক ইনজেকশন নেন। এশিয়া কাপের আগে নেতৃত্ব থেকে সরেও দাঁড়ান। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে দুটো ম্যাচও খেলেন। কিন্তু এরপর বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার ব্যাটিং অর্ডারে বদল আনার প্রস্তাব এবং এই নিয়ে বিসিবির এক উচ্চপর্যায়ের প্রভাবশালী কর্মকর্তার সঙ্গে তার ফোনালাপ, সব কিছুর পর বিশ্বকাপ দলে না থাকা নিয়ে তামিম নিজেই ভিডিও বার্তায় বলেছিলেন, ‘নোংরামির মধ্যে থাকতে চাই না’। তামিম বিশ্বকাপের পর বিসিবি সভাপতির সঙ্গে দেখা করেছেন। কিন্তু এখনো তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুপক্ষ। কাল জালাল ইউনুসও বললেন, বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তামিম, তাই এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান অনুরোধ করেছেন তাকে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে, ‘তামিমের ব্যাপারটা হচ্ছে কি, তামিমের সঙ্গে আগেও আমাদের আলাপ হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না। তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল, প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। আপনারা জানেন যে বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী মাসে। প্রধানত নির্বাচনের পরে। সে চাচ্ছিল তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে। তার নিজস্ব একটা পরিকল্পনা আছে, তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি। সে চেয়েছে এখন না রাখতে, পরে বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কী করতে যাচ্ছে’ গণমাধ্যমকে জানিয়েছেন ক্রিকেট অপারেশনসের সভাপতি।

 ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির জন্য খেলোয়াড় বাছাইয়ের কাজ প্রায় শেষ বলেই জানালেন জালাল, ‘নির্বাচকরা এই বিষয়ে বসেছিল, আমিও সেদিন গিয়েছিলাম। আমার সঙ্গে বৈঠকও হয়েছে, পরে এটি বোর্ডে আলোচনা হবে। খসড়া একটা তালিকা করা হয়েছে। আশা করছি ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা তালিকাটা প্রস্তুত করে বোর্ডের কাছে জমা দেব। তার আগে মাননীয় সভাপতির কাছে দিতে হবে। তারপর আমরা বোর্ডে রিলিজ করব।’

২০২৩ সালের জন্য বিসিবি ২৩ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে নিয়েছিল। লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ এই চারজন চুক্তিবদ্ধ ছিলেন টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন সংস্করণেই। তামিম ইকবাল চুক্তিবদ্ধ ছিলেন টেস্ট এবং ওয়ানডেতে। শুধুই টেস্টের চুক্তিতে ছিলেন ৫ ক্রিকেটার। আগামী বছরের চুক্তিতে তামিমের অনুপস্থিতিসহ আরও কিছু পরিবর্তন অবধারিত। যেমন নাজমুল হোসেন শান্ত ছিলেন শুধুই টেস্ট আর টি-টোয়েন্টির চুক্তিতে। সাকিবের অবর্তমানে শান্ত তিন সংস্করণেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন। ওয়ানডেতে ২৭ ম্যাচ খেলেছেন এই বছর, করেছেন ৯৯২ রান। তাই বলা যায় শান্তকে নিশ্চিত ভাবেই দেখা যাবে তিন সংস্করণের চুক্তিতে। মোসাদ্দেক হোসেন সৈকত টি-টোয়েন্টি সংস্করণের চুক্তিতে ছিলেন ২০২৩ সালে, কিন্তু তিনি কোনো সংস্করণেই কোনো আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেননি।

 ২০২০ সালের জানুয়ারিতে, নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণার আগে মাশরাফী জানিয়ে দিয়েছিলেন তাকে না রাখতে। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান মাশরাফী, অবসরের ঘোষণা না দিলেও তাকে আর জাতীয় দলের জন্য বিবেচনা করছেন না নির্বাচকরা। আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও প্রিমিয়ার লিগ এবং বিপিএলে খেলছেন মাশরাফী। তামিমও হাঁটছেন সেই পথেই। এনসিএল বা বিসিএল, কোনো ঘরোয়া আসরেই তিনি খেলেননি বিশ্বকাপের পর। তবে খেলবেন বিপিএলে। জাতীয় দল নিয়ে সিদ্ধান্ত জানাবেন বিসিবি সভাপতির নির্বাচনী ব্যস্ততা শেষে তার সঙ্গে বৈঠকের পর। ৩৫ বছর পূর্ণ করার মাসকয়েক দূরে দাঁড়ানো তামিম ভুগছেন কোমরের চোটে। চলতি বছরে খেলেছেন মাত্র একটি টেস্ট ও ১২ ওয়ানডে। তাতে ৩৭৭ রান, একটি হাফসেঞ্চুরি আর গড় মাত্র ২৮.৩০। তাই তামিম খুব সম্ভবত বেছে নেবেন পূর্বসূরি মাশরাফীর দেখানো পথই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত