শেরপুরের নকলায় গত শনিবার সন্ধ্যার পর ভ্যানগাড়ি নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি টালকি ইউনিয়নের মৃত ময়ছর আলীর একমাত্র ছেলে মান্নাছ আলী (৩৪)। গতকাল সোমবার দুপুরে পাঁঠাকাটা বাঘমারী বিলে মাছ শিকারে গিয়ে কচুরিপানার নিচ থেকে ভেসে ওঠা তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে বিল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি (ক্রাইম) আরাফাতুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান। মান্নাছের ভ্যানগাড়ির সন্ধান পাওয়া যায়নি।
অপরদিকে, নাটোরের সিংড়ায় আনোয়ার হোসেন আনু নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ের বেলতা গ্রামের একটি ধানের খোলার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আনোয়ার হোসেন আনু বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটলাল গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, আনু গত রবিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী বেলতা গ্রামে যান। কিন্তু এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
