চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আসন্ন সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। নির্বাচন কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সঙ্গে নৌকার প্রার্থী স্থানীয় সাংসদ ড. আবু রেজা নিজামউদ্দিন নদভীর দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। অনেকে মনে করছেন, দীর্ঘদিন নেতাকর্মীদের অবহেলা করায় সাংসদ ও সংগঠনের মধ্যে এ দূরত্ব সৃষ্টি হয়েছে।
নির্বাচনে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঐক্যবদ্ধভাবে স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের পক্ষে কাজ করছেন। অধিকাংশ নেতাকর্মীকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণসংযোগসহ প্রচারণায় অংশ নিতে দেখা যাচ্ছে। এমএ মোতালেব সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বেশিরভাগ নেতাকর্মী নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। নেতাকর্মীদের এমন অবস্থানের কারণে দলের তৃণমূলে অস্বস্তি থাকলেও অনেকে সাংসদ নদভী ও এমএ মোতালেবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে জানান।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী বলেন, ‘স্থানীয় সাংসদ নদভী ১০ বছর দলীয় নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করেছেন। এমনকি আমি যখন নৌকা প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেছি, তখন তিনি আমার বিরুদ্ধে অবস্থান নিয়ে অন্য স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংসদের ওপর ক্ষুব্ধ।’
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু বলেন, ‘গত দশ বছর লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সঙ্গে সাংসদ নদভীর সম্পর্ক নেই। গুটিকয়েক সুবিধাবাদীকে সঙ্গে রেখে স্থানীয় সাংসদ তার কর্মকান্ড পরিচালনা করেছেন। সরকারি কোনো কর্মকান্ডে দলের লোহাগাড়ার কোনো নেতাকর্মীকে তিনি সম্পৃক্ত করেননি।’
তবে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর ইউপির চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়েছেন তার পক্ষে আমরা কাজ করব।’ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিয়া ফারুক বলেন, ‘যদিও বিগত দিনে সাংসদের সঙ্গে দূরত্ব ছিল, তবু বিবেকের তাড়নায় নৌকার প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছি।’
স্থানীয় সাংসদ ও নৌকার প্রার্থী আবু রেজা নদভী দেশ রূপান্তরকে বলেন, ‘লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে রেখে ১০ বছর বিভিন্ন উন্নয়ন কর্মকা- পরিচালনা করেছি। আমার সঙ্গে উপজেলা আওয়ামী লীগসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছে।’
স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের প্রধান নির্বাচন সমন্বয়ক ডা. আ ম ম মিনহাজ উদ্দিন বলেন, ‘গুটিকয়েক সুবিধাবাদী নেতা ছাড়া সাতকানিয়া ও লোহাগাড়া আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
এবার চট্টগ্রাম-১৫ আসনে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
