মেলবোর্নে বক্সিং-ডে টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষে আলোচনায় ডেভিড ওয়ার্নার, উসমান খাজা এবং পাকিস্তানের মিস ফিল্ডিং। ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেটে রানের হিসাবে ছাড়িয়ে যান স্টিভ ওয়াহকে। আইসিসির নিষেধাজ্ঞার পরও খাজা ঠিকই খুঁজে নিয়েছেন প্রতিবাদের কৌশল। আর পাকিস্তানের ক্যাচ মিসের সুযোগে প্রথম দিন ৬৬ ওভারে অস্ট্রেলিয়া তুলেছে ৩ উইকেটে ১৮৭ রান।
দিনের শুরু আর শেষটা পাকিস্তানের জন্য ছিল হতাশাময়। শুরুতে স্লিপে ডেভিড ওয়ার্নারের সহজ ক্যাচ নিতে ব্যর্থ হন আব্দুল্লাহ শফিক। দিনের শেষ ওভারে ট্রাভিস হেড জীবন পান শান মাসুদের হাতে। দারুণ বোলিং করে সম্ভাবনা জাগিয়েও দিনটি নিজেদের করে নিতে পারেনি পাকিস্তান।
উইকেট ও কন্ডিশনের দাবি মেনে চার পেসার নিয়ে একাদশ সাজায় পাকিস্তান। টস জিতে নেয় ফিল্ডিং। কন্ডিশনটা ব্যাটসম্যানদের পক্ষে না থাকলেও অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানই সহজে উইকেট হারাননি।
শুরুতে ওয়ার্নার রক্ষা পান ব্যক্তিগত ২ রানে। এরপর হাসান আলির করা ইনিংসের ১৬তম ওভারে ব্যাটের কানা ছুঁয়ে বাউন্ডারি হতেই স্টিভ ওয়াহকে ছাড়িয়ে যান ওয়ার্নার। ওয়ার্নার-খাজার ৯০ রানের জুটি ভাঙে লাঞ্চের আগের ওভারে। লাঞ্চের পরপর আরেকটি সাফল্য পায় পাকিস্তান। হাসান আলির বলে লেট কাট খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েন খাজা। ১০১ বল খেলে ৪২ রানে ফেরেন তিনি।
তৃতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েন লাবুশেন ও স্টিভেন স্মিথ। ২ চারে ৭৫ বলে ২৬ রান করা স্মিথকে ফেরান আমের জামাল। লাবুশেনের প্রতিরোধ ভাঙতে পারেনি পাকিস্তান। ১২০ বলে ৪৪ রানে দিন শেষ করেন। আরেক প্রান্তে হেডকে (৯*) ফেরাতে পারতেন তারা, যদি ক্যাচটি নিতে পারতেন অধিনায়ক শান মাসুদ।
