ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরিয়নে ফের সেঞ্চুরি রাহুলের

প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ২৪৫ রান

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২০ পিএম

দুই বছর আগেও দক্ষিণ আফ্রিকা সফরের সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লোকেশ রাহুল। ধারা বজায় রাখলেন এবারও। প্রথম ইনিংসে তার ১০১ রানের প্রতিরোধগড়া ইনিংসের সুবাদেই বোর্ডে ২৪৫ রান জড়ো করেছে ভারত। ইনিংসে ১৪তম বারের মতো পাঁচ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা।

২০১৪ সালের পর থেকে এ পর্যন্ত সেঞ্চুরিয়নে আটটি টেস্ট খেলে একবারই হেরেছে দক্ষিণ আফ্রিকা। সেটি ওই রাহুলের সেঞ্চুরি রাঙানো ২০২১ বক্সিং ডে টেস্ট। এবারের সফরের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ভারত তোলে ৮ উইকেটে ২০৮ রান। দ্বিতীয় দিনেও চোখ রাঙাচ্ছিল বৃষ্টি। খেলা মাঠে গড়ালে জুটিতে ৩০ রান তোলার পর আউট হন মোহাম্মদ সিরাজ। ৭০ রানে দিন শুরু করা রাহুল সেঞ্চুরি পূর্ণ করেন ১৩৩তম বলে। জেরাল্ড কোয়েটেজের বলে মিডউইকেটে দৃষ্টিনন্দন ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন রাহুল।  এর পর অবশ্য ইনিংসে আর এগোতে পারেননি রাহুল। ভারতের শেষ ব্যাটার হিসেবে আউট হন ১৩৭ বলে ১০১ রানে। ইনিংস সাজান ১৪ চার ও ৪ ছয়ে।

ক্রিকেট ইতিহাসের পঞ্চম সফরকারী ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে একাধিক সেঞ্চুরি করলেন রাহুল। আজহার মাহমুদ, সামারাভিরা এবং বিরাট কোহলির দুটো করে সেঞ্চুরি আছে। তাদের পাশে বসেন রাহুল। এছাড়া ক্রিকেট ঈশ্বর শচিন টেন্ডুলকার দক্ষিণ আফ্রিকার মাটিতে করেছেন ৫টি সেঞ্চুরি।

ক্যারিয়ারে পাঁচশ উইকেট শিকার করেন কাগিসো রাবাদা

২০১৮ সালে লুঙ্গি এনগিদি ও ২০২১ সালে মার্কো ইয়ানসেনের পর সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে এ ম্যাচে অভিষেক হয় প্রোটিয়া পেসার নান্দ্রে বার্গারের। ৫০ রানে তিন উইকেট শিকার করে অভিষেক রাঙান তিনি। ক্যারিয়ারের ১৪তম বারের মতো ফাইফার পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক ছোঁন কাগিসো রাবাদা। একটি করে উইকেট পান মার্কো ইয়ানসেন ও জেরাল্ড কোয়েটজে। ভারতীয় ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন বিরাট কোহলি। এছাড়া শ্রেয়াস আইয়ার ৩১ ও শার্দূল ঠাকুর ২৪ রান করেন।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে নেমে লাঞ্চ বিরতির আগেই এইডেন মার্করামের উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। ৫ রান করা মার্করামকে ফেরান মোহাম্মদ সিরাজ। লাঞ্চ বিরতি যাওয়ার সময় প্রোটিয়াদের সংগ্রহ এক উইকেট ৪৯ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত