জয়পুরহাট শিশু ধর্ষণ মামলার আসামিকে মাদকসহ আটক করেছে র্যাব। এছাড়াও মাদক কারবারির সাথে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
বৃহষ্পতিবার ভোর রাতে নওগাঁর বদলগাছী উপজেলার দূর্গাপুর এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি শান্ত হোসেনকে আটক করা হয়। আটক শান্ত নওগাঁর বদলগাছী উপজেলার দূর্গাপুর গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, গত ২ আগস্ট রাতে আটক শান্তসহ তার সহযোগীরা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদাপাড়া গ্রামের এক শিশুকে ধর্ষণ করে। এসময় ওই শিশু অজ্ঞান হয়ে যায়। পরে জ্ঞান ফিরলে অসুস্থ ওই মেয়েটিকে তারা গাড়িতে উঠিয়ে বাসায় পাঠিয়ে দেয়। বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানালে গত ৬ আগষ্ট পাঁচবিবি থানায় একটি ধর্ষন মামলা করে তার পরিবার।
অন্য দিকে র্যাবের অপর দল ১০০ গ্রাম হেরোইনসহ মামুন ইসলাম নামে এক যুবককে আটক করেছে। গত রাতে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন থেকে তাকে হেরোইনসহ আটক করা হয়। আটক মামুন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের বাসিন্দা ।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, আটককৃতদের মধ্যে শান্তকে পাঁচবিবি থানায় এবং মাদকসহ আটক মামুনকে জয়পুরহাট থানায় সোপর্দ করা হয়েছে।
