বেতনের দাবিতে মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০১:১৭ এএম

গাজীপুর মহানগরীর টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার টঙ্গীর ভাদাম এলাকায় ক্রসলাইন নিট ফেব্রিকস লিমিটেড নামের কারখানার ভেতরে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকদের আধা ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও অবরোধের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।

শ্রমিকরা জানান, ক্রসলাইন নিট ফেব্রিকস লিমিটেড নামের কারখানাটিতে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। দুটি ইউনিটে ভাগ করে পরিচালনা করা হয় এটি। গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। গতকাল সকালে কাজে যোগ দেওয়ার পর বেতনের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন ইউনিট-১-এর প্রায় ৭০০ শ্রমিক। বেলা বাড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে কয়েক কিলোমিটার পথ হেঁটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেতন পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।

কারখানাটির অপারেটর সেলিনা বেগম বলেন, ‘আমাদের কারখানায় মাসের হিসাবটা ভিন্নভাবে গণনা করা হয়। প্রতি মাসের ২৫ তারিখ থেকে মাসের শুরু হিসেবে গণনা হয়। দুই মাস ধরে বেতন পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। তাই আজ (বৃহস্পতিবার) আমরা কাজ বন্ধ করে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করি।’

এ বিষয়ে কারখানাটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

গাজীপুর শিল্প-পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোশারফ হোসেন বলেন, ‘বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছেন। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বকেয়া বেতন পাইয়ে দেওয়ার চেষ্টা করা হবে। সড়ক অবরোধ করার পর শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে তারা সড়ক ছেড়ে চলে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত