‘নির্বাচন ইস্যুতে কোনো বিশৃঙ্খলায় সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন বক্তব্যের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরাও কিন্তু সংবিধান পড়েছি। ওটাতে হিব্রু ভাষায় লেখা নেই।
সুতরাং আপনারা নিজেরাও সংবিধান ভালোভাবে পড়ুন। দেশের ইতিহাস জানুন।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, ‘এতই যদি সংবিধানপ্রীতি আপনার বা আপনার সরকারের থাকত তাহলে ফখরুদ্দীন মঈন উদ্দিনের অধীনে নির্বাচন কেন করলেন? সেখানে তো সংসদ ভেঙে তিন মাসের মধ্যে নির্বাচন করার কথা বলা ছিল। কিন্তু তারা কেন দুই বছর ক্ষমতায় থাকল? আপনারা তাদের অধীনেই মাস্টারপ্ল্যানের নির্বাচন করে ক্ষমতায় এসেছেন, যা পরে সরকারের নিকটজনরাই স্বীকারোক্তি দিয়েছেন।’ বিএনপির এ মুখপাত্র বলেন, ‘সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা যেন মাস্তানের মতো কথা বলছেন। বিশেষ করে পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান যে ভাষায় কথা বলেন, তা সম্পূর্ণ ছাত্রলীগের নেতাদের মতো। তিনি রাতের আঁধারে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম সোহেল, কৃষক দল নেতা মেহেদী হাসান পলাশকে ধরে জোর করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করেছেন। সবকিছুই মনিটরিং করছে সরকার আর বাস্তবায়ন করছে তার আইনশৃঙ্খলা বাহিনী।
