‘ফিলিস্তিন উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে আয়োজিত সমাবেশ ও মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফিলিস্তিন সংহতি কমিটি, বাংলাদেশ এই সমাবেশ ও মিছিলের আয়োজন করে।
সমাবেশ ও মিছিলে সভাপতির বক্তব্যে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ইউক্রেনে যখন দুটো লোককে হত্যা করা হয়, দুটো বাড়ি হামলা হলে তখন পৃথিবীজুড়ে নিন্দা হয়। গণমাধ্যমগুলো হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ বলছে এটা সংঘর্ষ নয়, গণহত্যা। ফিলিস্তিন এখন কারাগারে পরিণত হয়েছে। কারাগারের হত্যাকাণ্ডের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষ জানে। ফিলিস্তিনে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তা তুলনাবিহীন। এই মর্মান্তিক হত্যাকাণ্ড; এটা কোনো যুদ্ধ নয়, এটা হচ্ছে মুক্তির সংগ্রাম।’
সমাবেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের পাঠানো বাণী পাঠ করেন ফিলিস্তিনি সংহতি কমিটির অন্যতম সংগঠক মুরাদ আহমেদ।
‘ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন মুক্ত করো’ স্লোগান সামনে রেখে সংহতি সমাবেশ ও মিছিলে ঘোষণাপত্র পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। ঘোষণাপত্রে চার দফা দাবি উল্লেখ করা হয়।
সংহতি সমাবেশের শুরুতে সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি এবং গান ও নাটক পরিবেশন করা হয়। সমাবেশ শেষে মিছিল হয়।
