প্রকাশ্যে এক পোশাকশ্রমিককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে মোটর শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে গাজীপুর সদর উপজেলা বাঘের বাজার বানিয়ারচালা এলাকায়।
নিহত গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার বানিয়ারচালার আব্দুল মান্নানের ছেলে কামরুল ইসলাম (২১)। তিনি স্থানীয় মেম্বার বাড়ি এলাকার সিলিকন সুইয়িং লিমিটেড নামের একটি কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত মাফুজুর রহমান বাঘের বাজার বানিয়ারচালা এলাকার আইনদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন কামরুল ইসলাম। এ সময় মোটর শ্রমিক লীগের নেতা মাহফুজুর তার গতিরোধ করেন। পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটি লাঠি নিয়ে তার মাথায় আঘাত করে দৌড়ে পালিয়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পুলিশ তাকে আটক করতে অভিযান চালিয়ে যাচ্ছে। অবশেষে তাকে না পেয়ে তার মাকে আটক করেছে।
এলাকাবাসী জানায়, মাফুজুর রহমান মাদকাসক্ত ও সদর উপজেলা মোটর শ্রমিক লীগের সদস্য। এর আগেও সে বেশ কয়েকজনকে অকারণে মারধর করে আহত করেছে। সেসব ঘটনায় তার বিরুদ্ধে বিচারও হয়েছে।
জয়দেবপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, হত্যাকা-ের ঘটনায় এখনো মামলা করা হয়নি তবে প্রস্তুতি চলছে। অভিযুক্ত মাহফুজুরকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।
