আইনজীবীদের পাল্টাপাল্টি সভা সংবাদ সম্মেলন

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০২:৪৫ এএম

বিএনপির আইনজীবীদের আদালত বর্জনের কর্মসূচিকে কেন্দ্র করে পক্ষে ও বিপক্ষে সংবাদ সম্মেলন এবং সভা করেছেন সরকারপন্থি ও সরকারবিরোধী আইনজীবীদের চার সংগঠন। গতকাল রবিবার পৃথক সময় ও স্থানে এ সভা এবং সংবাদ সম্মেলন করেন আইনজীবীরা।

দুপুর ১টার পর সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল সংবাদ সম্মেলনে বলেন, আদালত বর্জনের কর্মসূচি দেওয়ার এখতিয়ার কোনো আইনজীবী ফোরামের নেই। এ ধরনের আহ্বান গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী এবং বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপের শামিল এবং বিচারপ্রার্থী মানুষের বিচার পাওয়ার অধিকারের পরিপন্থী।’

এরপর একই মঞ্চে বিএনপির আদালত বর্জনের কর্মসূচির নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

এর আগে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে বিএনপিপন্থি আইনজীবীরা সভা করেন। সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ সময় বলেন, ‘যতদিন পর্যন্ত দেশে আইনের শাসন ও মানবাধিকার ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

এদিকে দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্ট বার ভবনের দক্ষিণ হলে সংবাদ সম্মেলন করেন জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন ‘বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল’। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অ্যাডভোটেক জসিম উদ্দিন সরকার, সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকন্দ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত