আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশি শক্তি আমাদের পরামর্শ দিলে গ্রহণ করব। কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উসকানি দিলে এটা মেনে নেব না। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে আজকে বাংলাদেশে বিএনপি তাই করছে। বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই। গতকাল রবিবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে পথসভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আজকে বিএনপি আমাদের দেশে আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে লাশ ফেলার রাজনীতি করতে চায়। তারা ৭৫-এ ক্যু করেছে, ৭৫-এ খুন করেছে মোস্তাক জিয়া। জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করেছে। তারেক জিয়া, খালেদা জিয়া ২১ এ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে কাদের বলেন, আমি আপনাদের কাছে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো একজন নামি নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে মারার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা এটা প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ ৭১ সালকে ভয় পায়নি। এবারও যত বাধা আসুক ভয় পাবে না।
এরপর কোম্পানীগঞ্জের চর আলগী, আলগীবাজার, কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মকবুল চৌধুরী হাট বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইব্রাহীম, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
