নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির সহসভাপতি মোমিনুর রহমান। তিনি উপজেলার বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বিএনপির আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন সক্রিয়। কিন্তু হঠাৎ করেই তিনি আসন্ন সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে মাঠে নেমেছেন।
বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী জানায়, গত শনিবার বিকেলে বারবিশা বামুনিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের ডাকে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী সভার মঞ্চে নৌকার পক্ষে ভোট চান তিনি। সেই সঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করারও ঘোষণা দেন ওই বিএনপি নেতা। যার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। ওই সভায় ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, বামুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়ও বক্তব্য দেন এবং আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার আশ্বাস দেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন বলেন, বিএনপির নেতা হয়ে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর জন্য ভোট চেয়েছেন। এ জন্য দল থেকে মোমিনুর রহমানকে বহিষ্কারের দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল ফোনে কল করে সেগুলো বন্ধ পাওয়া গেছে।
বামুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান বলেন, নৌকার নির্বাচনী সভায় লোক সমাগম খুব একটা হয়নি। উপজেলা বিএনপির সহসভাপতি মোমিনুর রহমান কী কারণে হঠাৎ করে নৌকার পক্ষে কাজ করবেন বলে ঘোষণা দিলেন, বিষয়টি তিনিই ভালো বলতে পারবেন।
এ ব্যাপারে বিএনপি নেতা মোমিনুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘বিএনপির নেতা হিসেবে নয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমি নৌকার পক্ষে প্রচারণা করেছি। এতে দোষের কিছু দেখি না।’
