সরকারের পদত্যাগ, নির্বাচন বর্জনের দাবি এবং অসহযোগ আন্দোলনের সমর্থনে দেশ জুড়ে চলমান গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি আরও তিন দিন বাড়িয়েছে বিএনপি। ঘোষণা অনুযায়ী আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে দলটি।
গতকাল সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকরাসহ সমমনা রাজনৈতিক দলগুলো এই কর্মসূচি পালন করবে।
এদিকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গতকাল সোমবার রাজধানী ঢাকাসহ সারা দেশে লিফলেট বিতরণ করেছেন বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা।
গতকাল সকাল সাড়ে ৭টায় কাফরুল থানা বিএনপি মিরপুর ১৩ নম্বর পুলিশ কনভেনশন সেন্টারের আশপাশ এলাকায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। ধানম-ির পপুলার হাসপাতালসংলগ্ন ধানম-ি-২ নম্বর এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। পুরানা পল্টন, জাতীয় প্রেস ক্লাব, বিজয়নগর এলাকায় লিফলেট বিতরণ করেছে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা রাজনৈতিক জোট, লেবার পার্টি, গণ অধিকার পরিষদসহ সমমনা রাজনৈতিক দলগুলো।
