ফরিদপুরে প্রধানমন্ত্রীর জনসভা আজ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৪:২৭ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ভোট চাইতে আজ মঙ্গলবার ফরিদপুর আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেল ৩টায় সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় সরকার প্রধানের ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর জনসভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী শামীম হক। এ ছাড়া ফরিদপুরের বাকি তিনটি সংসদীয় আসনে নৌকার প্রার্থীদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

জেলা আওয়ামী লীগের নেতারা জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গোটা এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ফরিদপুরবাসীর মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের নৌকার প্রার্থী শামীম হক বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু কন্যাকে দেখার এবং কথা শোনার জন্য বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ সমাবেশস্থলে আসবেন। ফরিদপুরে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে।

পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), শৈলেন চাকমা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমন উপলক্ষে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থ্য গ্রহণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত