জেলার নেতা ‘সংযত হও’ বলতেই ওয়ার্ড নেতাকে ঘুসি

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৪:৩৫ এএম

বরগুনার কেওড়াবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য শাহজাহান কবিরকে ঘুসি মারার অভিযোগ উঠেছে। গত রবিবার বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের গিলাতলী এলাকায় নৌকার পথসভায় বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু বক্তব্যে শাহজাহানকে সংযত হওয়ার হুঁশিয়ারি দেন। এরপরই ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা শাহজাহান কবিরের ওপর হামলা চালিয়ে তাকে ঘুসি মারেন বলে অভিযোগ করেছেন তিনি।

সংসদ নির্বাচন উপলক্ষে গত রবিবার গীলাতলি এলাকায় নৌকা প্রতীকের পথসভা হয়। এতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিত ছিলেন। ওই পথসভায় বক্তব্যে আব্বাস হোসেন মন্টু বলেন, আমাদের শাহজাহান মেম্বার এই ৪ নম্বর ইউনিয়নের। শাহজাহান মেম্বরকে আমরা স্নেহ করি।  শাহজাহান যদি সংযত না হও তবে ৭ তারিখের পরে ওই ইউনিয়ন পরিষদে তোমার সঙ্গে দেখা হবে।

শাহজাহান কবির বলেন, ‘আব্বাস হোসেন মন্টু এমন বক্তব্য দেওয়ার পরপরই ৭-৮ জন ছাত্রলীগ নেতা কেওড়াবুনিয়া বাজারে এসে আমার ওপর হামলার চেষ্টা করে। এ সময় একজন আমাকে ঘুসি দেয়।’

তবে আব্বাস হোসেন মন্টু মোবাইল ফোনে বলেন, ‘আমার বক্তব্যের আগেই সেখানে মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত