আলাদা তিনটি ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কয়েদিসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ, ফকিরাপুল ও যাত্রাবাড়ী এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি আবু সায়েদ (৬০) নামে এক কয়েদি গতকাল দুপুর সোয়া ২টার দিকে অচেতন হয়ে পড়েন। পরে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, আবু সায়েদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার উদাইশ গ্রামে। তার বাবার নাম আইয়ুব আলী।
কয়েদি হিসেবে কুমিল্লা কারাগারে বন্দি ছিলেন। সেখান থেকে ২৬ ডিসেম্বর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। অন্য ঘটনায় ফকিরাপুলে রাস্তা থেকে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির। ওই এলাকায় ঘোরাফেরা করতেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আরেক ঘটনায় রাত ৩টার দিকে যাত্রাবাড়ী রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।
তার পরনে ছিল কালো ফুল শার্ট ও কালো ট্রাউজার। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওসমান আলী জানান, রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহনের নিচে চাপা পড়েন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
