ভারতের প্রথম ইনিংসের ৩৪তম ওভারটি করতে আসের লুঙ্গি এনগিদি। স্কোরবো্র্ডে রান তখন ৪ উইকেটে ১৫৩। ব্যাটিংয়ে বিরাটের সঙ্গী লোকেশ রাহুল। ওই সময়ে মরণ কামড় দিলেন এনগিদি। প্রথম, তৃতীয় ও পঞ্চম বলে একে একে ফেরালেন রাহুল, জাদেজা ও বুমরাকে।
তার পরের ওভারেই এলগার বোলিংয়ে নিয়ে এলেন কাগিসো রাবাদাকে। চাপের মুহূর্তে কী করতে হয় ভালো করেই জানা রাবাদার। দ্বিতীয় বলেই তুলে নিলেন বিরাট কোহলির উইকেট। এক বল বাদে রান আউট হয়ে ফেরেন মোহাম্মদ সিরাজ। উদযাপনের ষোলকলা পূর্ণ হলো পরের বলেই প্রসিধ কৃষ্ণার উইকেট তুলে নেওয়ার পর।
১১ বলের ব্যবধানে ১৫৩ রানে ৪ উইকেট থেকে ১৫৩ রানে অলআউট হয়ে গেল ভারত। প্রথম ইনিংসে ৯৮ রানে পিছিয়ে থাকলেও এনগিডি ও রাবাদার ১১ বলের জাদুকরি স্পেলে ম্যাচে অনেকটা ফিরে এসেছে দক্ষিণ আফ্রিকা।
ভারতের ১১ ব্যাটারের ৭ জনই খুলতে পারেননি রানের খাতা। সর্বোচ্চ্ ৪৬ রান করেছেন বিরাট। অধিনায়ক রোহিত ৩৯ ও তিনে নেমে শুবমান গিল করেছেন ৩৬। তিন প্রোটিয়া পেসার লু্ঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা ও নান্দ্রে বার্গার নেন তিনটি করে উইকেট।
প্রথম ইনিংসে নির্বাসন ফেরত দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সর্বনিম্ম ৫৫ রানে অলআউট করে ভারত। মোহাম্মদ সিরাজ ১৫ রান খরচায় নেন ক্যারিয়ারসেরা ৬ উইকেট।
