বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন শরিফুল ইসলাম। তিন ম্যাচে ৬ উইকেট। বাঁহাতি পেসার সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। মাঠের পারফরম্যান্সের পুরস্কার আইসিসি র্যাংকিংয়েও পেলেন শরিফুল। বুধবার প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে টি-টোয়েন্টির বোলারদের তালিকায় ৩২ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন ২২ বছর বয়সী শরিফুল।
তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষ পাঁচেও নেই শরিফুল। সবার ওপরে থাকা মোস্তাফিজুর রহমান আছেন ২২ নম্বরে। নিউজিল্যান্ডে তিন ম্যাচে মাত্র ২ উইকেট নিলেও ওভারপ্রতি ৪.৮৮ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। আর তাতেই পাঁচ ধাপ এগিয়েছেন মোস্তাফিজ।
বাংলাদেশের বোলারদের মধ্যে ক্রমানুসারে এরপর আছেন সাকিব আল হাসান (২৮), মেহেদী হাসান (২৯), তাসকিন আহমেদ (৩৩), নাসুম আহমেদ (৩৫) ও হাসান মাহমুদ (৪৩)। আগের সপ্তাহে সাকিবই সবার ওপরে ছিলেন। সিরিজটা না খেলায় ছয় ধাপ পিছিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ক্রিকেট থেকে আপাতত দূরে থাকা সাকিব।
