যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে নয়টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা।
গতকাল বুধবার ভোরে গোগা কলেজ এলাকায় অভিযান চালিয়ে সোনার বারগুলোসহ তাকে আটক করা হয়।
আটক মনিরুল হোসেনের (৪২) বাড়ি শার্শা উপজেলার কালিয়ানি গ্রামে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার যশোর ব্যাটালিয়ন সদর দপ্তরে গতকাল বুধবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোগা বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলার গোগা কলেজের সামনে অভিযান চালিয়ে পাচারকারী মনিরুল হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তল্লাশি চালিয়ে তার গায়ে থাকা জ্যাকেটের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১ কেজি ২২ গ্রাম ওজনের নয়টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বারের আনুমানিক মূল্য ১ কোটি ৮০ হাজার টাকা।
