গণ অধিকার পরিষদের আহ্বায়কসহ প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন রেজা কিবরিয়া। গতকাল বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি নিজেই এ তথ্য জানান। তার ব্যক্তিগত সহকারী ও দলটির দপ্তর সহসমন্বয়ক শাহাবুদ্দিন শুভ পদত্যাগের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ৩১ ডিসেম্বর দলের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত পদত্যাগপত্র জমা দেন রেজা কিবরিয়া। পরে গতকাল রাতে গণ অধিকার পরিষদ নেতাদের ভার্চুয়াল সভায় তার পদত্যাগপত্র গৃহীত হয়। একই সঙ্গে বিগত দিনের কর্মকাণ্ডের জন্য তার প্রতি শ্রদ্ধা ও সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। একই বৈঠকে দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানকে। গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়া বলেন, ‘আপনাদের মাধ্যমে দেশবাসীর সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমি গণ অধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছি এবং আমার পদত্যাগপত্র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ বরাবর জমা দিয়েছি।’
