দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জেলা আওয়ামী লীগের ১০ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদকর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা হলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা কমিটির সদস্য মনিরুল হাসান মিঠু, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, জেলা কমিটির মহিলাবিষয়ক সম্পাদিকা আইভি মাসুদ, জেলা কমিটির কোষাধ্যক্ষ যশোদা জীবন দেবনাথ, জেলা কমিটির সদস্য শহিদুল ইসলাম নিরু, জেলা কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল কাদের আজাদ, খলিফা কামালউদ্দিন ও শাহ আলম মুকুল।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি কর্তৃক ঘোষিত ফরিদপুর-৩ সংসদীয় আসনে নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় এবং বিপক্ষ প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ সহযোগিতা ও জননেত্রীর স্থানীয় নির্বাচনী জনসভায় আপনাদের অনুপস্থিতি ঔদ্ধত্যপূর্ণ আচরণের শামিল যা দলীয় আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, গঠনতন্ত্র ও প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী। সঙ্গত কারণেই দলীয় গঠনতন্ত্রের ৪৭ (১) এবং ৪৭ (১১) ধারা অনুযায়ী প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাদের দলীয় স্ব স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’
