নাটোরের সিংড়ায় বিএনপির লিফলেট বিতরণ করাকে কেন্দ্র করে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি লিফলেট বিতরণ শুরু করে। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় সিংড়া থানার এসআই আব্দুর রহিম ও আরও দুই পুলিশ সদস্য আহত হয়। আহত অপর দুই সদস্য হলেন আব্দুল মালেক ও আব্দুল লতিফ। আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে ও একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ সময় পুলিশ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ তিনজনকে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতাকর্মীরা সিংড়া সার্কেলের এএসপি মো. আকতারুজ্জামানের সরকারি গাড়িসহ মহাসড়কের সাতটি গাড়ি ভাঙচুর করে।পরে শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দাউদার মাহমুদের পেট্রোল পাম্পে হামলা করে পাম্প ও গাড়ি ভাঙচুর করে। এ সময় সিংড়া থানা-পুলিশ ও ডিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে দুপুর ১২টার দিকে আইসিটি প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিএনপির কর্মীদের অতর্কিত হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় বিএনপি কর্মীরা বেশ কয়েকটি পরিবহন ভাঙচুর করে। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছাত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ তিনজনকে আটক করা হয়েছে।
