মাঝিমাল্লা সব নেমে গেছে নৌকা এমনিতেই তলাবে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৫:০৪ এএম

সাধারণ মানুষের ভোটাধিকার আদায়ের সম্মানে দ্বাদশ সংসদ নির্বাচনে গামছা মার্কা প্রতীকে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘এই মার্কা বাসাইল-সখীপুরের মার্কা। এটা আমার একার মার্কা নয়। বর্তমান প্রার্থী নৌকা মার্কার, নৌকা তো একটা জিনিস। নৌকা চালাতে মাঝিমাল্লা লাগে, একটা মাঝিমাল্লাও নেই। সব নেমে গেছে গা, নৌকা এমনিই তলিয়ে যাবে।’ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন কৃষক শ্রমিক জনতা লীগের এই নেতা।

বঙ্গবীর খ্যাত কাদের সিদ্দিকী বলেন, ‘আমি সকালে এক কথা, বিকেলে অন্য কথা বলতে শিখিনি। যে কয়দিন বেঁচে থাকব, কাউকে ভয় করে বেঁচে থাকব না। আল্লাহ-রাসুলকে ভয় করে এক দিন বেঁচে থাকলে এটাই আমার কাছে শ্রেষ্ঠ বাঁচা হবে। কোনো শক্তিধরের কাছে মাথা নত করে একশ বছর বাঁচার চাইতে আল্লাহ রাব্বুলের ভরসায় এক দিন বাঁচা, আমার কাছে বড় কাজ।’

তিনি আরও বলেন, ‘কালকে নাকি এখানে (আওয়ামী লীগ) প্রার্থীর সভা হয়েছে। হাতে-পায়ে ধরে ভোট চেয়েছে। আজকে পায়ে ধরবে, ভোট শেষে ঘাড়ে ধরবে। আমি পায়ে ধরে ভোট চাইব না, জীবনে ঘাড়েও ধরি নাই। আমার এই বয়সে ঘাড়ে ধরতেও চাই না।’

স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরউত্তম খেতাব পাওয়া কাদের সিদ্দিকী বলেন, ‘আমি আমার বড় ভাইকে (আব্দুল লতিফ সিদ্দিকী) দেখে রাজনীতিতে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবকে পেয়েছিলাম। আর বঙ্গবন্ধুকে ভালোবেসে আমি এই দেশকে, দেশের মাটি ও মানুষকে ভালোবাসতে শিখেছি। আমার কাছে মা যেমন, মাটিও তেমনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত