দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, বিএনএফ প্রার্থী নোঙর প্রতীকের সাজেদুল করিম ও ট্রাক প্রতীকের প্রার্থী মোখছেদুল মোমিনের প্রচার মাইক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে এসব মাইক জব্দ করা হয়েছে।
বিমান প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ : হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী নির্বাচন আচরণবিধির লঙ্ঘন অভিযোগের জবাব দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান সিনিয়র সহকারী জজ সবুজ পালের কাছে লিখিত জবাবে বলেন, গত ২ ডিসেম্বর বিকেলে চুনারুঘাট উপজেলা সদরে মধ্যবাজারে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কার প্রার্থী হিসেবে তার জনসভা ছিল। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের এবং নৌকা পাগল জনগণের বিপুল উপস্থিতির কারণে যানবাহন ও জনগণের চলাচলে কোনো প্রকার অসুবিধা হয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করার নিশ্চয়তা দিচ্ছি।
প্রতিমন্ত্রী মাহবুব আলী তার প্রতিনিধির মাধ্যমে এ জবাব পাঠান। সিনিয়র সহকারী জজ সবুজ পালের বেঞ্চ সহকারী খন্দকার শরীফ মো. রুবেল জবাবের বিষয়টি নিশ্চিত করেছেন।
