নৌকা প্রার্থীর প্রচারণায় অংশ নেওয়ায় পুলিশ কর্মকর্তাকে তলব

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১০:১৯ এএম

ফেনী-২ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার এক কর্মকর্তার বিরুদ্ধে। জসিম উদ্দিন নামের ওই পুলিশ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে উপকমিশনার (ডেভেলপমেন্ট) পদে কর্মরত রয়েছেন।

আচরণবিধি লঙ্ঘন করে ফেনী-২ আসনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ ওঠা সেই পুলিশ কর্মকর্তাকে তলব করেছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনী নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বেলাল উদ্দিন (যুগ্ম জেলা ও দায়রা জজ) এ আদেশ দেন।

আদেশে বলা হয়, গত ২৫ ডিসেম্বর ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের জাহানপুর গ্রামে নৌকার প্রার্থীর প্রচারণায় ফুলের মালা পরে অংশগ্রহণ করেন এবং ফুলের মালা পরিহিত অবস্থায় ছবি প্রত্রিকায় প্রকাশিত হয়েছে, যা পেশাগত অসদাচরণের পাশাপাশি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়।

বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের সাঁটলিপিকার রাজিব বণিক। তিনি বলেন, আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় আদালতে সশরীর হাজির হয়ে কিংবা প্রতিনিধির মাধ্যমে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আদেশ দিয়েছেন আদালত।

জানা যায়, গত ২৫ ডিসেম্বর ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জাহানপুর গ্রামে প্রচারণা চালাতে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী। সেখানে তার সঙ্গে থাকা নেতা–কর্মীদের পাশাপাশি ফুলের মালা পরা পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিনকে দেখা গেছে। তার গ্রামের বাড়িও জাহানপুর গ্রামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত