ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের বাড়িতে পুলিশ গুলি করেছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কয়েকটি গাড়িতে পুলিশ এসে ঢাকার নবাবগঞ্জ উপজেলা কলাকোপা আবু আশফাকের বাড়ি ঘেরাও করে। পরে তার বাড়ির গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করে। ব্যর্থ হলে বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পুলিশ। এছাড়াও বারুয়াখালী ও বাহা এলাকায় পুলিশ বিএনপি নেতাদের বাড়ীতে তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক দৈনিক দেশ রুপান্তরেকে বলেন, বৃহস্পতিবার দুপুরে বিএনপির নেতাকর্মীরা নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজারে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করছিল। একইস্থানে আওয়ামী লীগ প্রার্থী সালমান এফ রহমান নৌকার পক্ষে গণসংযোগ করছিলেন। তখন সেখান থেকেই নৌকার প্রার্থী ঢাকা জেলা এসপিকে আজ রাত (বৃহস্পতিবার) মধ্যেই আমাকে আটকের নির্দেশ দেন। তার নির্দেশেই আমার বাড়িতে পুলিশ গুলি করে। লিফলেট বিতরণকালে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাক্তার আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযোগ অস্বীকার করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশিদ দেশ রূপান্তরকে বলেন, আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি ও অভিযান করেছি। কোনটি বিএনপি নেতা খন্দকার আবু আশফাকের বাড়ি সেটা আমাদের জানা নেই। এছাড়াও তল্লাশির সময় কোথাও গুলি ছোঁড়া হয়নি।
