এই দিনে

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৫৭ এএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সুমিতা দেবী ১৯৩৬ সালে মানিকগঞ্জের দক্ষিণ খল্লি গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম হেনা ভট্টাচার্য।  ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর পরিবর্তিত নাম হয় নিলুফার বেগম। অভিনেত্রী হিসেবে সুমিতা দেবী নামেই তিনি সমধিক পরিচিত। আসিয়া (১৯৫৭) চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবনের শুরু। এরপর তিনি অভিনয় করেন আকাশ আর মাটি (১৯৬০) চলচ্চিত্রে।  দুটি ছবিরই পরিচালক ছিলেন ফতেহ লোহানী। আসিয়া ১৯৬১ সালে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। সুমিতার অভিনয় জীবন প্রায় চার দশক প্রসারিত ছিল। পঞ্চাশের অধিক চলচ্চিত্রে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন এবং পার্শ্ব-অভিনেত্রী হিসেবে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে কখনো আসেনি (১৯৬১), সোনার কাজল (১৯৬২), কাঁচের দেয়াল (১৯৬৩), এই তো জীবন (১৯৬৪), দুই দিগন্ত (১৯৬৪), আগুন নিয়ে খেলা (১৯৬৭), অভিশাপ (১৯৬৭), এ দেশ তোমার আমার, বেহুলা, ওরা ১১ জন ও আমার জন্মভূমি।  সুমিতা দেবী বেতার, টেলিভিশন ও মঞ্চ নাটকেও সফলতার সঙ্গে অভিনয় করেন। প্রযোজক হিসেবে তিনি আগুন নিয়ে খেলা, মোমের আলো, মায়ার সংসার, আদর্শ ছাপাখানা ও নতুন প্রভাত নামে পাঁচটি চলচ্চিত্র প্রযোজনা করেন। সুমিতা দেবীর প্রথম বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি। পরে ১৯৬২ সালে খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক জহির রায়হানকে বিয়ে করেন। অভিনয়ে অনন্য অবদানের জন্য তিনি বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। সুমিতা দেবী ২০০৪ সালের ৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত