গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনা পেশ ইসরায়েলি মন্ত্রীর

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০২:৫১ এএম

মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সফরের আগে গাজা যুদ্ধের পরের পরিস্থিতি নিয়ে সম্ভাব্য প্রস্তাব পেশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তবে এটি এখনো সরকারিভাবে গৃহীত হয়নি। হামাসকে পরাজিত করার পর তিনি গাজায় ‘সীমিত পরিসরে’ ফিলিস্তিনি শাসনের কথা বলেন।

গাজাযুদ্ধে গতকাল শুক্রবার পর্যন্ত ২২ হাজার ৬০০ মানুষ প্রাণ হারায়। গতকালও ইসরায়েলি বাহিনী মাঘাজি, বুরেজি ও নুসেইরাত শরণার্থীশিবিরে হামলা চালিয়েছে। এ অবস্থায় গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণের কৌশল নিয়ে ইয়োভ গ্যালান্ট বলেন, ‘হামাস আর গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করতে পারবে না এবং ইসরায়েলি প্রশাসন গোটা অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব নেবে।’

ইসরায়েলি মন্ত্রীর এমন প্রস্তাব পেশের মুহূর্তে ব্লিঙ্কেনের সফর হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাদ্যমগুলো বলছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এ সময় তিনি ইসরায়েলি নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। গত ৭ অক্টোবরের পর ব্লিঙ্কেনের চতুর্থ দফার এ সফর এমন সময়ে হচ্ছে, যখন লেবাননে হামাসের দ্বিতীয় শীর্ষ নেতা সালেহ আরোরিকে হত্যার পর আঞ্চলিক উত্তেজনা বিরাজ করছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত হামলা বেড়ে গেছে। আবার ইরানেও জোড়া বিস্ফোরণে প্রায় একশ নিহত হয়েছে।

ব্লিঙ্কেনের সফরের আগের দিন গত বৃহস্পতিবার গ্যালান্ট এ পরিকল্পনার কথা জানান। যদিও এটি এখনো সরকারিভাবে গৃহীত নয়। এতে তিনি বলেন, গাজায় হামাসের হাতে বন্দি থাকা জিম্মিদের উদ্ধার করা এবং সেখানে হামাসের প্রশাসনিক ও সামরিক সক্ষমতা ধ্বংস করা ছাড়া এ অভিযান বন্ধ হবে না।

যুদ্ধের পর নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, হামাস আর গাজায় থাকবে না, যারা ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা হুমকি তৈরি করে।

তবে মার্কিন প্রশাসনের তরফ থেকে ফিলিস্তিন কর্তৃপক্ষকে দিয়ে গাজা শাসনের যে পরিকল্পনার কথা বলা হচ্ছে তা নাকচ করে দিয়েছেন গ্যালান্ট। তিনি আরও বলেন, ‘যুদ্ধের সাফল্য অর্জিত হওয়ার পর গাজা উপত্যকায় কোনো ইসরায়েলি বেসামরিক থাকবে না।  গাজার মানুষ ফিলিস্তিনি, সুতরাং অঞ্চলটি সেখানকার সংস্থাগুলো দায়িত্বে থাকবে। তবে এ শর্তে যে, তারা ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কোনো শত্রুতা করবে না।’

চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি গণমাধ্যমে খবর বের হয়, গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা গাজাকে কয়েকটি অঞ্চলে এবং উপ-অঞ্চলে ভাগ করার কথা ভাবছেন। পরে সেখানে বিশ্বস্ত কারও দ্বারা কিংবা স্থানীয়দের দ্বারা প্রশাসন চালানোর পরিকল্পনা করছেন এবং সেখানে মানবিক সহায়তার সুযোগও থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত