দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে সারাদেশে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। এরমধ্যে পুরুষ ও তরুণ ভোটার একেবারেই কম চোখে পড়েছে। যেসব তরুণ ভোটার ভোট দিয়েছেন তাদের অধিকাংশ দেশের বর্তমান পরিস্থিতির পরিবর্তন প্রত্যাশা করে ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন।
রবিবার গাজীপুর-৫ (কালীগঞ্জ, গাজীপুর সিটি করপোরেশনের একাংশ) বিভিন্ন কেন্দ্রে ঘুরে তরুণদের সাথে কথা বলে এমন প্রত্যাশার কথা জানা গেছে।
সকাল ১১টায় বোয়ালী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে কথা হয় শাহ নেয়াজ নামে এক শিক্ষার্থীর সাথে। তিনি বোয়ালী গ্রামে বসবাস করেন। নেয়াজ দেশ রূপান্তরকে বলেন, আমি দেশের বর্তমান পরিস্থিতির পরিবর্তন দেখতে চাই এজন্য ভোট দিতে এসেছি। আমার প্রার্থী ট্রাক মার্কার আখতারুজ্জামান। তাকে বিজয়ী করলে বর্তমান নানা সমস্যার সমাধান হবে।
তরুণ এই ভোটার এবারই প্রথম ভোট দিয়েছেন জানিয়ে আরও বলেন, দেশে বেকারত্বের সমস্যা ধীরে ধীরে আরও বেড়ে চলেছে। এছাড়াও দ্রব্যমূল্য বাড়তিসহ অনেক সমস্যা রয়েছে যা পরিবর্তনে আমাদের প্রার্থী কাজ করবেন।
ওই কেন্দ্রে কথা হয় আরেক তরুণ ফেরদৌসের সঙ্গে। তিনি বলেন, জীবনের প্রথমবার ভোট দিলাম। অনেক ভালো লাগছে।
