গাড়ি দেখলেই দৌড়ে এসে লাইনে দাঁড়ায় ‘ভোটার’

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:০৮ পিএম

ফেনী জেলার তিনটি আসনে ভোটকেন্দ্রের প্রতিটিই ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সাথে কিছু কিছু কেন্দ্রে ভোটার আসলেও আশানুরূপ উপস্থিতি লক্ষ করা যায়নি। ভোটকেন্দ্রের সামনে ভোটার না থাকলেও দিন শেষে ভোটবাক্স ভর্তি হয়েছে বটে।

সকাল থেকে ফেনী জেলার তিনটি আসনের প্রায় ৫০টি কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, অধিকাংশ ভোটকেন্দ্রের সামনে লাইনে ভোটার নেই। যখনি কোনো গাড়ি কেন্দ্রের সামনে দিয়ে যেতে থাকে তখনই ২০ থেকে ৩০ জন নারী ও ৫০-৬০ জন পুরুষ দৌড়ে এসে কেন্দ্রের সামনে ভোটের লাইনে দাঁড়িয়ে যায়। কেন্দ্রে সাংবাদিক উপস্থিতি হলে নৌকা বা লাঙ্গল সমর্থনে কয়েকজন কর্মীকে লাইনে দাঁড়াতে দেখা যায়।

এ ছাড়া ফেনী-১ ও ৩ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে জাল ভোট প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে ২২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আটকদের মধ্যে ফেনী-৩ আসনের সোনাগাজী উপজেলায় ১৩ জন, ফেনী-১ আসনের ছাগলনাইয়ার সাতজন ও ফুলগাজীর দুজন রয়েছেন।

আজ রবিবার (০৭ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান আটকদের সংখ্যা নিশ্চিত করেন।

সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২টার দিকে কেন্দ্রের ভেতর ২০-৩০ জন ছেলে এসে সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। তারা লাঙ্গল প্রতীকে জোরপূর্বক সিল দিয়ে বাক্সে ফেলে। দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা মুনা খবর পেয়ে কেন্দ্রে পৌঁছালে তারা পালিয়ে যায়। এ সময় একজনকে আটক করে পুলিশ।

ফেনী-৩ আসনের বিভিন্ন কেন্দ্রে মহাজোট সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগ সোনাগাজী উপজেলার সোনাগাজীর হাজী সেকান্দর আলী উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের ভোট গ্রহণ দুই ঘণ্টা বন্ধ ছিল। সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে সিল মারা ২৫টি ব্যালট জব্দ ও পোলিং এজেন্টকে আটক করা হয়। ফুলগাজী উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে দুজনকে আটক করে পুলিশ। এছাড়াও ফেনী-৩ এ সকাল থেকে কয়েকটি কেন্দ্রের আশেপাশে মুহুর্মুহু হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

ফেনী-৩ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্লার অভিযোগ, বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার করে সরকারদলীয় কর্মীরা মহাজোটের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর লাঙ্গলের পক্ষে সিল মেরে ব্যালট বাক্সে ভরছেন।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনীর তিনটি আসনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ফেনী-১ আসনে ছয়জন, ফেনী-২ আসনে আটজন ও ফেনী-৩ আসনে ১০ জন। তিনি আরও জানান, ফেনীর তিনটি আসনে ১২ লাখ ৪৬ হাজার ১২৬ জন ভোটার আছে। ভোটাররা ৩৯৯টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত