২৫ হাজার টাকাসহ সহকারী প্রিসাইডিং অফিসার আটক

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০২:৪৬ এএম

জামালপুর-২ (ইসলামপুর) আসনের কুলকান্দি ইউনিয়নের একটি কেন্দ্রে ২৫ হাজার টাকাসহ সহকারী প্রিসাইডিং অফিসার আইয়ুব আলীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর রাত ১টার দিকে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান ওই সহকারী প্রিসাইডিং অফিসারকে উদ্ধার করেন।

ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিন ব্যক্তি ওই সহকারী প্রিসাইডিং অফিসারকে কে টাকা দিয়েছে প্রশ্ন করছেন। একপর্যায়ে তিনি স্বতন্ত্র প্রার্থী এসএম শাহিনুজ্জামান শাহীনের নাম বলেন। পরে প্রশ্নকারীদের তার ওপর চড়াও হতে দেখা গেছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) এসএম শাহিনুজ্জামান শাহীনের নির্বাচনী সমন্বয়ক এসএম জাহাঙ্গীর আলম বলেন, ‘এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। তারা নিজেরাই নাটক তৈরি করে আমাদের ওপর দোষ চাপাচ্ছেন। কুলকান্দির ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রেস কনফারেন্স করে ফেললেন। এটাতেই তো স্পষ্ট। এ ঘটনাটি সিনেমার মতো। তারা আমাদের জনপ্রিয়তা দেখতে না পেয়ে এ কাজ করেছেন।’

হরিণ ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার ইব্রাহিম খলিল বলেন, ‘কে বা কারা সেই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে টাকা দিয়েছে। পরে আরেক পক্ষের লোকজন তাকে ধরেছে। আমি দ্রুত প্রশাসনকে জানিয়েছি। পরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে এখান থেকে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত