দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নওগাঁ-২ আসনে অনুষ্ঠেয় নির্বাচনে রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ দিন ১৭ জানুয়ারি। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাই করবেন ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৯ থেকে ২৩ জানুয়ারি। প্রার্থীদের আপিল নিষ্পত্তি করা হবে ২৪ জানুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জানুয়ারি। এ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ জানুয়ারি। এরপর ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত বছরের ১৫ নভেম্বর নির্বাচনী সময়সূচি ঘোষণার পর ইতিপূর্বে যাদের নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় রয়েছে তাদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না এবং জামানতের অর্থও জমা দিতে হবে না।
দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনে প্রার্থী ছিলেন তিনজন। তাদের মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী। যিনি ভোটগ্রহণের আগেই মারা গেছেন। বাকি দুই প্রার্থীর একজন নৌকা ও আরেকজন লাঙ্গল মার্কার প্রার্থী। তাই বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় রয়েছেন দু’জন।
এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগে বন্ধ হয়ে যাওয়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট হবে আগামী ১৩ জানুয়ারি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ তথ্য জানান। গত রবিবার ভোটগ্রহণ চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার কারণে কেন্দ্রটির ভোট বাতিল করা হয়েছিল।
