‘ভুল’ চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০১:৪৮ এএম

মাদারীপুরের শিবচরে ভুল চিকিৎসায় পলি আক্তার (৩০) নামে এক রোগীর মৃত্যুর  মৃত্যুর অভিযোগ উঠেছে। শিবচর পৌরসভার একাত্তর সড়কের মা ও শিশু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। সিজারিয়ান অপারেশনে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে গত সোমবার রাত ৮টার দিকে পলি আক্তারের মৃত্যু হয়। নিহত পলি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খানকান্দি এলাকার লিটন শেখের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সকালে পলিকে সিজারিয়ান অপারেশনের জন্য ওই হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার ফাহমিদুল হাসান তনুর তত্ত্বাবধানে দুপুর ১টার দিকে রোগীর সিজার অপারেশন হয় এবং একটি ছেলে সন্তান প্রসব করে পলি। তবে অপারেশনের পরই পলির প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত ৫ ব্যাগ রক্ত রোগীর শরীরে দেওয়া হয়। তাতেও কোনো কাজ না হওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে রাত ৮টার দিকে পলি মারা যায়।

এ ঘটনায় রাত ১১টার দিকে ওই হাসপাতালের সামনে ও ভেতরে বিক্ষোভ করে স্বজনরা। পরে বিচারের আশ্বাসে তারা ফিরে যায়।

রোগীর ননদ শিউলি বলেন, ‘১০ হাজার টাকায় সিজারের চুক্তি করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তারা কষ্ট বেশি হয়েছে বলে আরও ৫ হাজার টাকা দাবি করে। তখন আমরা বলেছি রোগী সুস্থ হোক আমরা দেব। তবে রোগীর যে অবস্থা খারাপ তারা বলে না। বলে রোগী ভলো আছে, টেনশন করবেন না। রক্ত ম্যানেজ করতে বলে, তাও করেছি। রক্ত ক্রসম্যাচিং করার জন্য অনেক টাকা নিয়েছে। রাতে বলে রোগীর অবস্থা ভালো না, তাকে ঢাকা নিয়ে যান। তখন দেখি ভাবীর জ্ঞান ফেরেনি। পরে ঢাকা নেওয়ার পথে মারা যায়। আমরা এদের বিচার চাই।’

এ বিষয়ে জানতে ডাক্তার ফাহমিদুল হাসান তনুকে ফোন করা হলে তিনি ধরেননি।

হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক শারমিন আক্তার বলেন, ‘কেন যে এমন হলো আমরা বলতে পারব না। এই ডাক্তার তো আমাদের এখানে নিয়মিত সিজার করেন। তার বাড়ি ফরিদপুর। এ সময় তিনি সাংবাদিকদের রিপোর্ট না করার অনুরোধ করেন।’ শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত