গাজীপুরে নির্যাতনের পর এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার নাম মোসা. আছিয়া বেগম (৩৪)। গতকাল মঙ্গলবার মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চাকুরিয়া হাওল ভাঙ্গা এলাকার আমির হোসেনের মেয়ে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গাজীপুরের পুলিশ সুপার মো. মাকসুদের রহমান বলেন, নিহতের আঙুলের ছাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র দিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তার গ্রামের ঠিকানায় পরিচয় যাচাইয়ের চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিমপাড়া আকসা মসজিদের গলির ভেতরে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি বাসার ময়লা ফেলতে গেলে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ওই নারীর গায়ে আকাশি রঙের জ্যাকেট পরা ছিল।
জিএমপির কোনাবাড়ী থানার ওসি মো. জিয়াউল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে অজ্ঞাত পরিচয় হিসেবে নারীর লাশ উদ্ধার করা হয়। পরে পিবিআইয়ের সহায়তায় পরিচয় পাওয়া যায়। মরদেহের সুরতহাল রিপোর্ট এবং পোশাকের বর্ণনা থেকে ধারণা করা হচ্ছে, গতরাতে কোনো একসময় তাকে শারীরিকভাবে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে হত্যাকারী পালিয়ে গেছে। এ বিষয়ে তদন্ত চলছে।
