মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন মা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১১:৫২ পিএম

মেয়ের বাড়িতে বেড়াতে এসে সিমেন্টবাহী কার্গো ট্রাকচাপায় প্রাণ হারালেন নাসিমা খাতুন (৪৫) নামের এক মা। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাসিমা খাতুন পঞ্চগড় জেলার বোদা থানার রহমতপুর এলাকার সমারু ইসলামের স্ত্রী। এ ঘটনায় আল-আমিন নাহিদ এন্টারপ্রাইজের কার্গোটি জব্দ ও চালক সুমনকে আটক করেছে পুলিশ।

আটক গাড়ি চালক সুমন (২৬) নোয়াখালী জেলার চর জব্বার থানার চরবৈশাখী এলাকার আবুল কাসেমের ছেলে।

নিহতের স্বামী সমারু ইসলাম বলেন, আমি স্ত্রীকে নিয়ে সোমবার সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া বাজার এলাকার আব্দুল হক প্রধানের বাড়ির ভাড়াটিয়া আমার মেয়ে সুমির বাসায় বেড়াতে এসেছিলাম। মেয়ের বাসা থেকে বুধবার সকালে বের হই ঢাকায় বিমান বন্দর এলাকায় আমার এক ছোট ভাইয়ের বাসায় যাওয়ার জন্য।

সকাল ১০ টার দিকে সাইনবোর্ড এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলাম। এ সময় পিছন থেকে সিমেন্টবাহী কার্গোটি আমার স্ত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। বিকাল ৫টায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত