‘ভারতপন্থি’ বিরোধীদের রোষে মুইজ্জু

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১২:১৭ এএম

মালদ্বীপের সঙ্গে ভারতের সাম্প্রতিক টানাপোড়েনের দ্বীপরাষ্ট্রটির অভ্যন্তরীণ রাজনীতিতেও ব্যাপক প্রভাব ফেলেছে। ‘চীনপন্থি’ নেতা হিসেবে পরিচিত ক্ষমতাসীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে ক্রমে ক্রমে সরব হচ্ছে মালদ্বীপের বিরোধী রাজনীতিকরা। নয়াদিল্লির সঙ্গে মালের দীর্ঘদিনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত না করতে মুইজ্জুর সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বিরোধীরা।

সম্প্রতি ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানকার বেশ কিছু ছবি তুলে মালদ্বীপের পরিবর্তে ওই দ্বীপ ভ্রমণ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। এরপর মালদ্বীপের তিন মন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ভারত ও মোদিকে নিয়ে কটূক্তি করেন। মুইজ্জুর প্রশাসন তিন মন্ত্রীকে অপসারণ করলেও বিষয়টি নিয়ে অস্থিরতা শুরু হয় যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভারতের অনেক পর্যটক মালদ্বীপ সফর পরিকল্পনা বাতিল করে।

সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ‘ভারতপন্থি’ নেতা বলে পরিচিত মোহাম্মদ সোলিহকে হারিয়ে ক্ষমতায় আসেন মুইজ্জু। ক্ষমতায় বসার পরই তিনি দেশ থেকে ভারতীয় ঘাঁটি সরিয়ে নিতে নয়াদিল্লিকে অনুরোধ করেন। বর্তমানে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন মুইজ্জু।

এ অবস্থায় ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষায় ‘দৃঢ়তর অবস্থান’ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) চেয়ারপার্সন বিরোধীনেতা ফায়াজ ইসমাইল। তিনি বলেন, ‘ভারত ও নরেন্দ্র মোদি সম্পর্কে যারা বিচ্ছিন্ন বর্ণবাদী মন্তব্য করছে দুর্ভাগ্যবশত সেইসব লোক সরকারের অংশ।’ তিনি আরও বলেন, মালদ্বীপের সব রাজনৈতিক দলই ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতিকে গ্রহণ করে। কিন্তু এখন যিনি ক্ষমতায়, তিনি চীনকে প্রাধান্য দিতে চাইছেন।

চীন সফরে গিয়ে মালদ্বীপে আরও বেশি পর্যটক পাঠাতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন মুইজ্জু। মালদ্বীপের গণমাধ্যমের খবর, এই সফরে বেইজিং-মালে সম্পর্কের পরিসর বাড়াতে নানা পদক্ষেপ দেখা যাবে। মালদ্বীপের পর্যটন অবকাঠামো উন্নয়নে পাঁচ কোটি ডলার মূল্যের প্রকল্প এগিয়ে নিতে চুক্তি সই হতে পারে এই সফরে।

উদ্ভূত পরিস্থিতিতে মালদ্বীপের প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির পার্লামেন্টারি সংখ্যালঘু নেতা আলি আজিম। মুইজ্জু প্রশাসনের নীতি নিয়ে অসন্তুষ্ট মিকাইল নাসিম নামের একজন আইনপ্রণেতা পররাষ্ট্রমন্ত্রী মোসা জামিরকে আইসভায় তলবের আহ্বান জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত