জিওফ মার্শ, ডেভিড বুন, বব সিম্পসন, মার্ক টেইলর, মাইকেল সø্যাটার, জাস্টিন ল্যাঙ্গার, ম্যাথু হেইডেনÑ প্রত্যেকেই অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ইনিংস উদ্বোধন করতেন। তাদের রেশ ধরে ২০১১ সাল থেকে ওই দায়িত্ব কৃতিত্বের সঙ্গে সামলেছেন ডেভিড ওয়ার্নার। সিডনিতে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ব্যাগি গ্রিনটি শোকেসে তুলে রেখেছেন। উইন্ডিজের বিপক্ষে ফ্র্যাঙ্ক-ওরেল ট্রফি সিরিজে তার জায়গায় আসছেন স্টিভ স্মিথ। অজি জার্সিতে ১০৫ টেস্ট খেলার পর এ তারকাকে এবার দেখা যাবে ইনিংস উদ্বোধনী ব্যাটসম্যানের ভূমিকায়।
আগামী বুধবার অ্যাডিলেডে শুরু হবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। এক সপ্তাহ আগেই সেই টেস্টের দল ঘোষণা করল স্বাগতিকরা। দলে আছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। প্রধান নির্বাচক জর্জ বেইলি নিশ্চিত করেছেন, ‘কোচ অ্যান্ড্রু ও অধিনায়ক প্যাটির সঙ্গে মিলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শূন্যস্থান পূরণ নয় বরং লম্বা সময়ের জন্যই ওপেনার হিসেবে ভাবা হয়েছে স্মিথকে।’ অ্যাডিলেডে স্মিথের চার নম্বর পজিশনে ব্যাট করবেন গ্রিন আর স্মিথ উঠে যাবেন ওপেনিংয়ে।
