আমার বিজয়টা এবার বিস্ময়কর লেগেছে : মেনন

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০২:৫৫ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের বিজয় ‘বিস্ময়কর’ লেগেছে বলে জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘আমার বিজয়টা এবার বিস্ময়কর লেগেছে। কারণ, ১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত সব নির্বাচনের মধ্যে এবার আমি সর্ববৃহৎ ব্যবধানে জিতেছি।’

গতকাল বুধবার জাতীয় সংসদে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেনন এ কথা বলেন।

একাদশ জাতীয় সংসদে ওয়ার্কার্স পার্টির সদস্য ছিলেন তিনজন, দ্বাদশে তা কমে হয়েছে এক। দলের সভাপতি রাশেদ খান মেননের তাই নিজেকে ‘হারাধনের শেষ ছেলেটি’ মনে হচ্ছে।

জোটের বেশ কয়েকজন গত সংসদে এমপি ছিলেন, এবার আপনি একা। অনুভূতি কেমন জানতে চাইলে মেনন বলেন, ‘হারাধনের একটি ছেলে। টেকাটাই গুরুত্বপূর্ণ। সংগ্রাম করে টিকে থাকাটা বড় বিষয়। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষের সঙ্গে মিশে চলি, যাদের অর্থবিত্ত নেই, তাদের এ ধরনের নির্বাচনে বেরিয়ে আসা কঠিন কাজ।’

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে টানা তিন মেয়াদে সংসদ সদস্য হওয়ার পর এবার বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ২১ হাজার ৩৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মেনন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত