ময়মনসিংহ-৩

নৌকার প্রার্থী নিলুফার আনজুম নির্র্বাচিত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০২:০৭ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে ১ হাজার ৯২৫ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি (নৌকা)। তিনি এ আসনে মোট ৯২টি ভোট কেন্দ্রে ভোট পেয়েছেন ৫৪ হাজার ৪৯১ ভোট। তার কাছের প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পান ৫২ হাজার ৫৬৬ ভোট।

গতকাল শনিবার ভালুকাপুরে স্থগিত কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এ কেন্দ্রে ৩ হাজার ৩২ ভোটের মধ্যে কাস্টিং হয়েছে ১ হাজার ৬৭৬ ভোট। তার মধ্যে নৌকা প্রতীক পায় ১ হাজার ২৯৫ ভোট, ট্রাক প্রতীক পায় ৩৫৫ ভোট ও অন্য প্রার্থীরা পান ১১ ভোট। বাতিল হয়েছে ১৫ ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুহম্মদ মোশারফ হোসেন।

এদিকে ভালুকাপুর ভোটকেন্দ্রে ভোট গণনা শেষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপিকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন এ আসনের রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি ময়মনসিংহ-৩ আসনে মোট ৯২টি ভোটকেন্দ্রের মধ্যে ৯১টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। স্থানীয় নৌকার সমর্থকদের হামলা, ভাঙচুর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ভালুকাপুর উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রটি স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত