কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য পরিবর্তন হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মো. আলামিন নামে হোমনার এক আওয়ামী লীগ নেতা। গতকাল রবিবার দুপুরে উপজেলার পাড়াতলী গ্রামে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে মনের আশা পূরণ করেন তিনি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের তৈরি হয়েছে।
নিজেকে বঙ্গবন্ধু মুজিব লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে পরিচয় দেওয়া মো. আলামিন বলেন, ‘আওয়ামী লীগ করার পরেও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন আমি এবং কুমিল্লা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল মজিদকে হোমনা ত্যাগ করে চলে যেতে হয়েছিল। আমাদের অনেক হুমকি-ধমকি দিয়ে হোমনা থেকে বের করে দিয়েছিল আগের সংসদ সদস্য। জয়পুর ইউনিয়নের শ্রীপুর আওয়ামী লীগের সমাবেশে আবদুল মজিদ স্যার এবং মনিরুজ্জামান টিপু ভাইকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দিয়েছিল তার নেতাকর্মীরা। আওয়ামী লীগের অনেক নেতাকে হামলা-মামলা দিয়েছে। তার নেতাকর্মীদের অত্যাচারে আওয়ামী লীগের অনেক নেতাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তাই প্রতিজ্ঞা করেছিলাম, যদি কুমিল্লা-২ আসনে সংসদ সদস্য পরিবর্তন হয় তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে দুধ দিয়ে গোসল করব। আল্লাহ আমার ডাক কবুল করেছে। তাই আজকে আমি শুকরিয়া আদায় করে দুধ দিয়ে গোসল করলাম।’
এ বিষয়ে জানতে সাবেক সংসদ সদস্যকে কয়েকবার ফোন করলেও তিনি ধরেননি।
চান্দেরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজান আহম্মেদ বলেন, ‘৭ জানুয়ারি যে ফসল আমরা পেয়েছি তা বলতে পারব না। আমরা চাই আবদুল মজিদ স্যার ছোট বড় সব নেতাকর্মীদের যেন মূল্যায়ন করেন।’
