মন্ত্রিত্ব হারিয়ে পুরনো পেশায় সাবেক ৩ মন্ত্রী

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৩:০৩ এএম

নতুন সরকারের মন্ত্রিসভা থেকে বাদ পড়াদের মধ্যে তিনজন সাবেক মন্ত্রী সুপ্রিম কোর্টে আইন পেশায় ফিরে এসেছেন। তারা হলেন সাবেক রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম ও সাবেক বেসামরিক বিমান পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। পুরনো পেশায় ফিরে গতকাল রবিবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজনের চেম্বারে সাবেক তিন মন্ত্রী আড্ডায় মেতে ওঠেন। এ সময় তাদের সঙ্গে দেখা করতে আসেন সহকর্মী আইনজীবীরা।

সাবেক এ তিন মন্ত্রী আবারও আইন পেশায় ফেরা নিয়ে বলেন, দীর্ঘদিন আইন পেশায় থেকে মাঝে তারা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই তারা দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। এখন তারা দায়িত্বে নেই। তবে যারা তাদের মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পেয়েছেন তারাও রাজনৈতিকভাবে পরিপক্ব। তারাও ভালো করবেন এবং মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নিয়ে যাবেন। এ তিন সাবেক মন্ত্রী এতদিন আইন পেশাকে অনেক মিস করেছেন বলেও উল্লেখ করেন।

সাবেক রেলপথমন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী নূরুল ইসলাম সুজন এবারও পঞ্চগড়-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার মন্ত্রী না থাকায় আইন পেশা পরিচালনায় বাধা নেই। তাই গতকাল সকালেই চলে আসেন সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী শ. ম. রেজাউল করিম বিগত সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মন্ত্রিত্বের সময়টায় আইন পেশা থেকে ছিলেন দূরে। এখন সাবেক হওয়ায় আবার কোট-গাউনে ফিরেছেন সর্বোচ্চ আদালতে।

অন্যদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব আলী বিগত সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারেননি এ আইনজীবী। তাই আবার ফিরেছেন আইন পেশায়। গতকাল সকালে আইনজীবীর পোশাকে মাহবুব আলীকে দেখা যায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত