রিজভীর অভিযোগ

নেতাদের ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে ফেলে রাখা হয়েছে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৩:০০ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘গত কয়েক দিনে কারাগারে ১০ জনের অধিক বিএনপির নেতাকর্মী মারা গেছেন। কারাগারে তারা চিকিৎসা পাচ্ছেন না। তাদের হাত ও পায়ে ডা-াবেড়ি পরিয়ে কারাগারের ভেতরের হাসপাতালে ফেলে রাখা হয়েছে।’ গতকাল সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলা মহিলা দলের উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায়’ দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ পরশুদিন যা বলবে আজকে তার উল্টো মন্তব্য করে। এখনো “অবৈধ সরকারের” প্রধানমন্ত্রী কী চিৎকার করে বলছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। অমুক দেশ এটা পছন্দ না করলেও তারা আমাকে এই করতে চায়, সেই করতে চায়। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, এখনো ষড়যন্ত্র হচ্ছে। প্রতিনিয়তই তিনি ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করছেন। কিন্তু ওবায়দুল কাদের সাহেব আপনিও ছাত্র নেতা ছিলেন।

আপনার নেত্রী বলছিলেন, এরশাদের অধীনে নির্বাচন করলে তারা বেইমান হবেন। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে আপনার নেত্রী গেলেন! তাহলে দেশের তরুণ সমাজ আওয়ামী লীগ করবে কেন? যারা ব্যক্তিগত স্বার্থে দল (জাতীয় পার্টি) বিক্রি করে দেয়, আর যদি আওয়ামী লীগ করতে হয় তাহলে নিজেকে আগে মুনাফিক হতে হবে। যে মুনাফিক হতে পারে সেই আওয়ামী লীগ করবে। আর মিথ্যাবাদী হলে সে আওয়ামী লীগ করতে পারে।’ খালেদা জিয়ার চিকিৎসা দেওয়ার যে মানবিক অধিকার সেটা আজকে কেড়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সমালোচনা করে তিনি বলেন, ‘স্ত্রীর জন্য জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান তার দল বিক্রি করে দিয়েছেন।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তার, সদস্য সচিব নাসিমা আক্তার কেয়া প্রমুখ।

রাজধানীতে মিছিল : এর আগে সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাগারে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন রিজভী আহমেদ। মিছিলটি শান্তিনগর মোড় থেকে শুরু হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। রিজভী ছাড়াও মিছিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহযুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পারভেজ রেজা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত